যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সমু চৌধুরী নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। এতে আসামি করা হয়েছে সমু চৌধুরির প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ও গ্যারেজ মালিক হৃদয় হোসেন।
মামলার পরে রাতেই জাহাঙ্গীর হোসেনকে (৩৬) আটক করে পুলিশ। আজ বুধবার বিকালে তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যজনকেও আটকে অভিযান অব্যহত রয়েছে।’
গতকাল মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে হামলার শিকার হন সমু চৌধুরী।
এ বিষয়ে সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা শেষ তিনি বাড়িতে অবস্থান করছেন।
এদিকে সমু চৌধুরীর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
