
সৌদি আরবের পবিত্র নগরী মদিনা অঞ্চলের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে ক্ষেপণাস্ত্রটি কারা ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ওই দিন সৌদি আরবে কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের তথ্য জানান জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তবে ক্ষেপণাস্ত্রটির সম্ভাব্য লক্ষ্যবস্তু, উৎক্ষেপণের স্থান কিংবা এ ঘটনায় কোনো হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জোট।
অন্যদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার সৌদি আরবে কোনো হামলা চালানো হয়নি। ফলে মদিনার আকাশে শনাক্ত হওয়া ক্ষেপণাস্ত্রটির উৎস নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সৌদি আরব ও হুতিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে। বিশেষ করে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ তুলেছিল সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, ওই হামলায় কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়ে। এই বিদ্যুৎকেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
সেই হামলার জন্যও হুতি বিদ্রোহীদের দায়ী করেছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে ওই সময়ও মদিনায় হামলার অভিযোগ অস্বীকার করে হুতিরা।
The post মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি, হামলা অস্বীকার হুতিদের appeared first on অর্থসূচক.
