মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ও তাঁর সহধর্মিণী সায়লা কবির এ উপহারসামগ্রী বিতরণ করেন।
উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার মোট ৮৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল ধুতি ও শাড়ি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এসব উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী সায়লা কবির। এতে সভাপতিত্ব করেন মীর মানিকুজ্জামান মানিক এবং সঞ্চালনা করেন আল মামুন ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম ও আবু কাউছারে রেজাসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।
এই বাংলা/এমএস
