রাঙামাটি শহরে পুলিশের বিশেষ অভিযানে ছাগল চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে ৯ কিশোরকে আটক করা হয়। অভিযান চালিয়ে চুরি যাওয়া একটি ছাগলও উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
ছাগল চুরির অভিযোগে গ্রেফতার দুজন হলেন সেকান্দার বাদশা ওরফে মনির (২৯) ও মোহাম্মদ অনিক ইসলাম (৩২)। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া একটি ছাগল উদ্ধার করা হয়। এ ঘটনায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
আটক ৯ কিশোর হলো নাহিদুল ইসলাম (১৬), মো. নাইম (১৭), রবিউল ইসলাম (১৬), আজিম হোসাইন (১৬), মো. শহিদুল ইসলাম (১৬), মো. সিহাব (১৭), মো. আজিজ (১৬), মো. ইমরান (১৭) ও মেহেদী হাসান ইমন (১৭)।
পুলিশ জানায়, সন্দেহজনক গতিবিধির কারণে কিশোরদের আটক করে যাচাই-বাছাই করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মুচলেকা নেওয়ার পর তাদের নিজ নিজ বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।
