The Sangbad · রাজনীতি
যন্তর মন্তর বাদ পড়ায় উত্তপ্ত ভারতের রাজনীতি
১২/১০/২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক সভা, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দিয়েছে দিল্লি পুলিশ।এর পরিবর্তে আন্দোলনের জন্য নতুন তিনটি স্থান চূড়ান্ত করা হয়েছে। নতুন নির্ধারিত স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি বিশেষ কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে পুলিশ প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।দীর্ঘদিন ধরে দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত যন্তর মন্তর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অবস্থান কর্মসূচির জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে নতুন জারি করা সরকারি আদেশের ফলে সেখানে আর কোনো ধরণের নির্ধারিত কর্মসূচি আয়োজন করা যাবে না। দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক আদেশ জারি করেন।আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কমিটির সুপারিশ অনুযায়ী যন্তর মন্তরকে তালিকার বাইরে রেখে নতুন তিনটি ময়দানকে বিক্ষোভ ও সমাবেশের জন্য মঞ্জুর করা হয়েছে। নতুন স্থানগুলোতে ঠিক কীভাবে এবং কোন প্রক্রিয়ায় বিক্ষোভ আয়োজন করা যাবে, সে বিষয়ে শিগগিরই একটি পৃথক নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে তৈরি হওয়া বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) বিতর্কের জেরে সম্প্রতি দিল্লিতে বিরোধী দলগুলোর আন্দোলন তীব্র রূপ নিয়েছে। কংগ্রেসসহ প্রধান বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং উদীয়মান রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই ইস্যুতে রাজপথে ব্যাপক প্রতিবাদ গড়ে তুলেছে।এমন এক রাজনৈতিক উত্তাপের মধ্যেই সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত আসায় দিল্লির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হওয়ায় বিরোধী দলগুলো সরকারের এই পদক্ষেপকে তাদের গণতান্ত্রিক প্রতিবাদ সীমিত বা স্তব্ধ করার ষড়যন্ত্র বলে তীব্র সমালোচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗