চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় বায়ার্ন মিউনিখ। ভাইরাসজনিত সংক্রমণে ভুগছেন দলটির কোচ ভিনসেন্ট কোম্পানি। অসুস্থতার কারণে মঙ্গলবার দলের শেষ অনুশীলন ও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও থাকতে পারেননি তিনি। ফলে বুধবার রাতে আর্সেনালের বিপক্ষে তার ডাগআউটে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কোম্পানির অনুপস্থিতিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বায়ার্নের সহকারী কোচ অ্যারন ডাঙ্কস। তিনি জানান, কোম্পানিকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে। কখনো কখনো ব্যথা অনুভব করছেন তিনি। কবে নাগাদ পুরোপুরি সুস্থ হবেন, তা এখনো নিশ্চিত নয়।
ডাঙ্কস বলেন, কোম্পানির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বুধবারের ম্যাচের আগে তিনি ফিরতে পারবেন কি না, তা সময়ের সঙ্গে বোঝা যাবে। তবে মাঠে উপস্থিত থাকতে না পারলেও দূর থেকে দলের সঙ্গে যোগাযোগ রাখার ব্যবস্থা রয়েছে বায়ার্নের।
এর আগে গত শনিবার বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে ৬-১ গোলের বড় জয়ের ম্যাচেও পুরোপুরি স্বাভাবিক ছিলেন না কোম্পানি। অসুস্থতা ও নিতম্বের সমস্যার কারণে বেশির ভাগ সময় তাকে বেঞ্চে বসে থাকতে দেখা যায়। ওই ম্যাচে সাইডলাইনে খেলোয়াড়দের নির্দেশনা দেওয়ার দায়িত্ব সামলান সহকারী কোচরা।
কোম্পানিকে নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বায়ার্নের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়েও উদ্বেগ আছে। পায়ের সমস্যা কাটিয়ে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার সম্প্রতি অনুশীলনে ফিরেছেন। তবে আর্সেনালের বিপক্ষে তার খেলা নিশ্চিত নয়। অন্যদিকে ব্যক্তিগত কারণে মঙ্গলবারের অনুশীলনে ছিলেন না মিডফিল্ডার জশুয়া কিমিচ।
চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচে বড় জয় পেলেও পরের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বায়ার্ন। বিপরীতে প্রতিযোগিতায় নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আর্সেনাল। এমন পরিস্থিতিতে দুই দলের লড়াইয়ের আগে কোচ কোম্পানির সুস্থতা বায়ার্নের জন্য চিন্তার বিষয়।
এইচজেএস
