দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠিয়ে কর্মসংস্থানের লক্ষ্যে দেশটির ইনচেওন শহরের গাংহোয়া কাউন্টির মেয়র পার্ক ইয়ং-চোওল এর সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। বাংলাদেশ থেকে প্রতিমন্ত্রীর কর্মী পাঠানোর প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে কোরিয়ায় শহরটির এই মেয়র।
বুধবার (২২ অক্টোবর) রাতে দক্ষিণ কোরিয়ার গাংহোয়াস্থ মেয়রের কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়, বলে বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের মিডিয়া সেল জানিয়েছে।
বৈঠকটিতে প্রধানত গাংহোয়া অঞ্চলে কৃষি ও অন্যান্য খাতে বাংলাদেশের যোগ্য ও দক্ষ ‘মৌসুমি কর্মী’ প্রেরণের সম্ভাবনা ও প্রক্রিয়া নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।
প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর কোরিয়া সরকার এবং গাংহোয়া কাউন্টি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের কর্মঠ ও পরিশ্রমী জনশক্তি কোরিয়ার স্থানীয় কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত।
অন্যদিকে, মেয়র পার্ক ইয়ং-চোওল বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে গাংহোয়ায় মৌসুমি কর্মী হিসেবে বাংলাদেশিদের যুক্ত করার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।
আলোচনায় উভয় পক্ষ ই-৮ বা সংশ্লিষ্ট ক্যাটাগরির অধীনে মৌসুমি কর্মসংস্থান ব্যবস্থা চালুর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ, নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মী বিনিময়ের প্রশাসনিক বিষয়গুলো সহজীকরণের ওপর জোর দেন। এ দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরো সুদৃঢ় করতে ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে যৌথভাবে কাজ করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়।
উভয়ের বৈঠকের ফলে, আশা করা যাচ্ছে খুব দ্রুত গাংহোয়া কাউন্টিতে বাংলাদেশি মৌসুমি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের দুয়ার উন্মোচিত হবে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
