সংবাদসংস্থা মুম্বই: অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ডা.শ্রীরাম নেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। যা নিয়ে এখন নেটপাড়ায় বেশ চর্চা চলছে। আসলে ওই সাক্ষাৎকারে নেনে জানান যে, তিনি কখনওই মনে করেন না মাধুরীর স্বামীর পরিচয়টাই সর্বস্ব। তিনি অন্যের খ্যাতির উপর নির্ভর করে বাঁচেন না। নেনে এ কথাও স্পষ্ট করে দিয়েছেন যে, বিপুল জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ে করার কারণে তিনি কখনই নিরাপত্তাহীনতায় ভোগেননি।
১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাধুরী দীক্ষিত ও ডা. শ্রীরাম নেনে। দীর্ঘ সময় আমেরিকায় কাটানোর পর তাঁরা ভারতে ফিরে আসেন। মাধুরীর স্বামী হওয়ার সুবাদে প্রায়ই তাঁকে বিভিন্ন সাক্ষাৎকার ও সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয়। তবে এই পরিচয়ে তিনি কখনও অস্বস্তিবোধ করেন না বলে জানান। ডা. নেনে বলেন, আমেরিকা থাকাকালীন মাধুরী সাধারণ মানুষের কাছে তেমন পরিচিত ছিলেন না এবং সেখানে তিনি নিজেই একজন প্রতিষ্ঠিত হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। ভারতে মাধুরীর বিশাল তারকাখ্যাতির কথা স্বীকার করে তিনি জানান যে, স্ত্রীর এই সাফল্যে তিনি অত্যন্ত গর্বিত।
https://www.youtube.com/watch?v=ixVZIaFsQVc&t=2s
ডা. নেনে আরও উল্লেখ করেন, তাঁদের সফল দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সম্মান ও ব্যক্তিগত আত্মমর্যাদা। উভয়েই নিজেদের পেশাগত অর্জন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। এছাড়া তাঁদের মধ্যবিত্ত পারিবারিক মূল্যবোধ এবং সাধারণ জীবনযাপন তাঁদের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে বলে তিনি জানান। মাধুরী দীক্ষিতের 'ডাউন-টু-আর্থ' স্বভাব ও তাঁর প্রতিভার প্রশংসা করে ডা. নেনে বলেন, এত সাফল্য সত্ত্বেও মাধুরী অত্যন্ত সাধারণ মনের একজন মানুষ।
