কুড়িগ্রামে জামায়াতের রুকন সম্মেলনে অধ্যাপক মমতাজ উদ্দিন বলেছেন, স্থানীয় নির্বাচনে সংগঠনের মনোনয়নই চূড়ান্ত, ব্যক্তিগত খায়েশ বা তোষামোদ নয়; পাশাপাশি তিনি সুষ্ঠু নির্বাচন, কম ব্যয় ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালানোর আহ্বান জানান।
স্থানীয় নির্বাচনে সংগঠন যাকে মনোনীত করবে, তিনিই নির্বাচনে অংশ নেবেন। এ ক্ষেত্রে ব্যক্তিগত খায়েশ প্রকাশ বা তোষামোদ করা যাবে না। নির্বাচনে অংশ নিতে যাঁদের বলা হয়েছে, তাঁদের জনসংযোগ চালিয়ে যেতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মাওলানা মমতাজ উদ্দিন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া।
অধ্যাপক মমতাজ উদ্দিন বলেন, বৈষম্য থাকা যাবে না। স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জামায়াতে ইসলামী থেকে অনেক বেশি জনশক্তি নির্বাচিত হবেন, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন।” স্থানীয় নির্বাচনে ব্যয় যত কম করা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য শিক্ষাবিদ অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য সমাজসেবক মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সম্মেলনের মূল পর্বের আগে ২০২৭-২০২৮ সেশনের জেলা আমির নির্বাচনের জন্য রুকনদের ভোট গ্রহণ করা হয়। প্রধান অতিথি অধ্যাপক মমতাজ উদ্দিনের পরিচালনায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রশ্নোত্তর পর্ব ও আলোচনা অনুষ্ঠিত হয়।
