শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাঅষ্টমী। এ দিনের অন্যতম প্রধান আকর্ষণ কুমারী পূজা।
সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কুমারী পূজা। এ ছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে মহাঅষ্টমীর বিহিত পূজা এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণের আয়োজন রয়েছে।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী বালিকার মধ্যে দেবী দুর্গার মাতৃরূপ কল্পনা করে তাঁকে পূজা করা হয়। এ জন্য নির্বাচিত কুমারীকে নতুন পোশাক পরিয়ে ফুল, অলংকার ও আলতায় সাজানো হয়। এরপর সুসজ্জিত আসনে বসিয়ে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা।
মহাঅষ্টমীর আরেক গুরুত্বপূর্ণ আয়োজন সন্ধিপূজা। ধর্মীয় বিশ্বাসে এটি অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয়ের প্রতীক।
পুরোহিতদের মতে, কুমারী পূজার মূল তাৎপর্য নারীর প্রতি শ্রদ্ধা, সম্মান ও মাতৃশক্তির মহিমা তুলে ধরা।
এদিকে, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।
