রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও নৌপুলিশ। এ সময় দুলাল সরদার (৫৫) নামে এক জেলেকে হাতেনাতে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুলাল সরদার পাবনা জেলার আমিনপুর থানার গোয়ালনগর গ্রামের মো. ইমাদ আলী সরদারের ছেলে।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটের উপস্থিতিতে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ৫ কেজি ইলিশ মাছ নদীর পাড়ে বসবাসরত শিশুদের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌপুলিশের ইনচার্জ ত্রিনাথ সাহা, মৎস্য অফিসের কর্মকর্তা ও নৌপুলিশের সদস্যরা।
আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের মৎস্য আইনের আওতায় আনা হবে। উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএ
