প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বুধবার (২১ অক্টোবর) শুভ বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে এখন বিষাদ ও বিদায়ের সুর।
বিসর্জনের আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে দশভূজা দেবী দুর্গা কৈলাসে ফিরে যাচ্ছেন বলে ভক্তদের বিশ্বাস।
গত শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছিল। বুধবার সকালে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর শুরু হয় সিঁদুর খেলা ও আনন্দ উৎসব। সনাতন ধর্মাবলম্বী নারীরা দেবী দুর্গার পায়ে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর পরিয়ে দেন এবং পরিবারের কল্যাণ কামনা করেন।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তার সার্বিক দিক বিবেচনায় সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।
রাজধানীতে বুড়িগঙ্গার ওয়াইজঘাটে মূল বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় পূজা শোভাযাত্রা বিকেল ৪টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হবে। শোভাযাত্রাটি পলাশী মোড়, জগন্নাথ হল, দোয়েল চত্বর, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায়সাহেব বাজার মোড় অতিক্রম করে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে।
বিজয়া শোভাযাত্রা ও বিসর্জনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বছর সারা দেশে ৩১ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। বছর ঘুরে দেবী আবার মর্ত্যে ফিরবেন, এই প্রতীক্ষায় ভক্তরা বুধবার একে অপরের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা ও কোলাকুলি বিনিময় করছেন।
বিআলো/শিলি