পুজোয় প্রচুর খাওয়াদাওয়ার পর সবাই এখন মন দিয়েছেন ডায়েটে। বাইরের ভাজাভুজি কিংবা তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার পাশাপাশি স্বাস্থ্যের কথা চিন্তা করে মিষ্টি খাওয়াও এড়িয়ে চলছেন অনেকে। ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই রোজকার খাদ্যতালিকায় রাখছেন গ্রিন টি।
কিন্তু রোজ রোজ চিনি ছাড়া গ্রিন টি খেতে কারই বা ভাল লাগে! তবে জানলে অবাক হবেন, রান্নাঘরে থাকা বেশ কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই একঘেয়ে গ্রিন টি-র স্বাদে আনা যেতে পারে নতুন চমক। তাহলে যারা প্রতিদিন গ্রিন টি পান করেন তাঁরা জেনে নিন কীভাবে ঘরোয়া উপকরণ মিশিয়ে একঘেয়ে গ্রিন টি-র স্বাদ বদল করবেন।
লেবু মেশানো গ্রিন টি
স্বাদ বদল করতে গ্রিন টি-র সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নেওয়া যেতে পারে। চিনি ছাড়া গ্রিন টি খেতে ভাল না লাগলে এটি ভাল বিকল্প হতে পারে। লেবুর মধ্যে যে ভিটামিন সি থাকে তা শরীর থেকে টক্সিন দূর করতে এবং মেদ ঝরাতে সাহায্য করে ।
মধু মেশানো গ্রিন টি
চিনি ছাড়া, গ্রিন টি খেতে অনেকেই পছন্দ করেন না। তাঁদের জন্য, খুব ভাল একটি বিকল্প হতে পারে মধু। গ্রিন টি বানানোর পর তার সঙ্গে মধু যোগ করলে তা স্বাদে আলাদা মাত্রা যোগ করে। মধু এমন একটি প্রাকৃতিক মিষ্টি যা ওজন কমাতে সাহায্য করে এবং শরীরে শক্তি জোগায়।
আদাযুক্ত গ্রিন টি
গ্রিন টি-র মধ্যে আদা মেশালে স্বাদ বেড়ে যায় । আদা শরীরের ক্যালোরি পোড়াতেও সাহায্য করে। তাই গ্রিন-টির সঙ্গে আদা মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে ।
দারুচিনি দেওয়া গ্রিন টি
গ্রিন টি-র সঙ্গে দারুচিনি মেশানো হলে তা যেমন রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে তেমনি চর্বি কমাতে সাহায্য করে। ওজন কমানোর জন্য দারুচিনি মেশানো গ্রিন টি খুবই উপকারী।
https://youtu.be/ixVZIaFsQVc?si=LtdcrnXZrCG-JMXg
তুলসী পাতাযুক্ত গ্রিন টি
তুলসী পাতা শরীরকে ভিতর থেকে ডিটক্সিফাই করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তাই গ্রিন টি-র সঙ্গে চার-পাঁচটি পরিষ্কার তুলসী পাতা যোগ করলে তা চায়ের স্বাদ বাড়িয়ে তুলবে। একই সঙ্গে এটি স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী।
পুদিনা পাতা মেশানো গ্রিন টি
পুদিনা পাতা হজম শক্তি বাড়ানোর পাশাপাশি পেট ঠান্ডা করে। গ্রিন টি তৈরির সময় কয়েকটি সতেজ পুদিনা পাতা যোগ করা হলে সেই চায়ের স্বাদ একেবারে অন্যরকম হয়ে যাবে।
