প্রকাশিত: ২০:২৩, ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
কক্সবাজারে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৪৮টি ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বিভিন্ন বর্ডার আউটপোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করা হয়েছিল।
রোববার (১৮ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।
৩৪ বিজিবির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন। অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
৩৪ বিজিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে ব্যাটালিয়নটি মোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে। এসব ঘটনায় ২৮৫ জন আসামিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান, সীমান্তে নজরদারি জোরদার এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ৩৪ বিজিবি। মাদকের বিস্তার রোধ ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
