মাত্র দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ৩৫ বার ‘স্যার’ সম্বোধন করে আলোচনায় এসেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।
বুধবার (২১ অক্টোবর) রাজারহাটে এক অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যের এই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
তবে বক্তব্যে বারবার ‘স্যার’ সম্বোধনের পাশাপাশি রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা, সরকারি বিভিন্ন উদ্যোগের প্রশংসা এবং সরকারি চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও তুলে ধরেন ইউএনও।
বুধবার বেলা ১১টায় রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।
বক্তব্যে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তানজিলা তাসনিম। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে শুধু এই উপজেলা নয়, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষও উপকৃত হবেন।
বিষয়টি যথাসময়ে মন্ত্রিসভায় উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও। এ ছাড়া ভিজিএফের চাল আলাদা বস্তায় সরবরাহের উদ্যোগের প্রশংসা করেন তিনি।
তানজিলা তাসনিম বলেন, আগে চালের বস্তা ওঠানো-নামানো এবং পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে হতো। নতুন উদ্যোগের ফলে এসব সমস্যা কমবে বলে আশা করছেন তিনি।
বক্তব্যে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম জাতীয় পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ইউএনও। তাঁর মতে, দীর্ঘ অপেক্ষার পর নতুন বেতন কাঠামো চাকরিজীবীদের কর্মস্পৃহা বাড়াতে ভূমিকা রাখবে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যন্ত উৎসবের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করেন তানজিলা তাসনিম।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা এবং চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় উঠে এলেও বক্তব্যে দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ সম্বোধনের বিষয়টিই তাঁকে ঘিরে আলোচনার প্রধান কারণ হয়ে উঠেছে।
