নাটোরের লালপুরে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ৯০টি ইয়াবা, নগদ ১৮ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মোছা. নারগিছ খাতুন (৫০) ও তাঁর স্বামী মো. মান্টু মিয়া (৫৫)। তাঁরা মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নারগিছ খাতুনের বসতঘরের একটি ছাপড়া ঘরে অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মোটরসাইকেলটি মাদক পরিবহনে ব্যবহার করা হতো।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। তাঁদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
পুলিশের নথি অনুযায়ী, নারগিছ খাতুনের বিরুদ্ধে ২০২১ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রয়েছে। একই আইনে ২০২৩ সালে মান্টু মিয়ার বিরুদ্ধেও একটি মামলা হয়েছিল।
