প্রকাশিত: ১৩:৪৩, ১৫ অক্টোবর ২০২৬
পেশোয়ারের দির কলোনিতে আল-খায়ের স্কুলের ছাদ ধসে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া শিশুদের উদ্ধারে অভিভাবকদের ভিড়। ছবি: এক্সপ্রেস ট্রিবিউন
পাকিস্তানের পেশোয়ারে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) একটি বেসরকারি স্কুলে ছাদ ধসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৮ জন শিশু শিক্ষার্থী ও দুই নারী শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩০ জনেরও বেশি মানুষ।
লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, নিহত শিশুদের সবার বয়স ১৩ বছর বা তার কম। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ট্রমা ওয়ার্ডে ঊর্ধ্বতন কর্মকর্তারা চিকিৎসাকাজ সরাসরি তদারকি করছেন।
রেসকিউ ১১১২ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দুর্যোগ মোকাবিলাকারী যান পাঠানো হয়। ভবনটির অবস্থান সরু গলির ভেতরে হওয়ায় এবং ছাদটি নিম্নমানের উপাদানে নির্মিত হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। ধ্বংসস্তূপে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে এখনো অভিযান চলছে। এতে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাঈদ জানান, স্কুলটির মালিককে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা হিসেবে মামলা দায়ের করা হবে। ওই স্কুলটিতে মোট ১১০ জন শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দেন।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার এবং দ্রুত উদ্ধার অভিযান শেষ করার নির্দেশ দিয়েছেন।
তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
