পুলিশ প্রশাসনে শিগগিরই বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, এমন অনেক পুলিশ কর্মকর্তাকে ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি পুলিশে নতুন নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা জেলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন জানান, ইতোমধ্যে ৮ হাজার কনস্টেবল ও ১৪ হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের জনবল বাড়াতে আরও নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
চাঁদাবাজি প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, দেশে কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির কোনো নেতা-কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
মাদক নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে জয়নুল আবেদীন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
