রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কিশোরের জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে কিশোরের পক্ষে জামিনের শুনানি করেন আইনজীবী খোরশেদ মিয়া আলম। মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। তিনিও কিশোরের জামিন চান। আদালতে বাদী আপসের বিষয়টি উল্লেখ করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
এর আগে গত ৪ অক্টোবর একই আদালত কিশোরের জামিন নামঞ্জুর করেছিলেন। তার আগেও একবার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। গত ২৪ সেপ্টেম্বর ওই কিশোরকে আদালতে হাজির করার পর সংশোধনাগারে পাঠানো হয়। তার আগের দিন সন্ধ্যায় ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
মেহেদীর মৃত্যুর ঘটনায় তাঁর বড় ভাই মোক্তাদীর ইসলাম গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বেপরোয়াভাবে ব্যক্তিগত গাড়ি চালিয়ে তাঁর ভাইকে চাপা দিয়ে গুরুতর আহত করেন আসামি এবং এতে তাঁর ভাইয়ের মৃত্যু ঘটে। মামলার এজাহারে গাড়িচালক হিসেবে আকাশ মারক নামের একজনকে আসামি করা হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বারিধারায় ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি ব্যক্তিগত গাড়ি ফুটপাতে বসে থাকা মেহেদীকে চাপা দিয়ে দুটি ল্যাম্প পোস্টে ধাক্কা দেয়। পরে পথচারী ও নির্মাণশ্রমিকেরা গাড়িটি তুলে তাঁকে উদ্ধার করেন। পুলিশ তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
