স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর সদর থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের চানমারি অ্যাপ্রোচ রোড খ্রিস্টান পাড়া এলাকায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে ঢুকে বাথরুমে উপর্যুপরি গুলিবর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে এসএম মুজাহিদুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তির বাড়িতে এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খুলনা সদর থানাধীন ৪১ নম্বর চানমারি অ্যাপ্রোচ রোডের বাসিন্দা মৃত আব্দুল আজিজের ছেলে এস এম মুজাহিদুল আজিজের বাড়ির গেট খুলে হেলমেট পরিহিত ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী সরাসরি তাঁর বসতঘরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের বাথরুমের দরজা খুলে ভেতরে ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়।
পরে বাড়িতে উপস্থিত অন্যান্য লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে হামলাকারীরা আরও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এই সশস্ত্র হামলার ঘটনায় ভিকটিম পরিবার ও আশপাশের এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে ঘটনার বিবরণ সংগ্রহ করা হয়। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
