অনলাইন ডেস্ক:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে গণপরিবহণের ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এ ভাড়া কাঠামো রোববার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএ নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাসে হালনাগাদ ভাড়ার চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজধানীর গাবতলী রুটে ঢাকা-পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা। একই রুটে ঢাকা-রংপুরে ৫১ আসনে ৭৫১ টাকা ও ৪০ আসনে ৯১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা-দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৪১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সায়েদাবাদ রুটে ঢাকা-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনে ৯০০ টাকা ও ৪০ আসনে ১,১৪৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সায়েদাবাদ-সিলেট রুটে ৫১ আসনে ৫৮০ টাকা ও ৪০ আসনে ৭৪০ টাকা, সায়েদাবাদ-বরিশাল রুটে ৫১ আসনে ৪৬৪ টাকা ও ৪০ আসনে ৫৯২ টাকা, এবং সায়েদাবাদ-খুলনা রুটে ৫১ আসনে ৫৪১ টাকা ও ৪০ আসনে ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম সায়েদাবাদ-টেকনাফ রুটে ৫১ আসনের বাসের ভাড়া ১,০৪৭ টাকা এবং ৪০ আসনে ১,৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাবতলী থেকে ঝিনাইদহ রুটে ৫১ আসনে ৫০১ টাকা ও ৪০ আসনে ৬৩৯ টাকা, রাজশাহী রুটে ৫১ আসনে ৭৭৭ টাকা ও ৪০ আসনে ৯৯১ টাকা এবং মেহেরপুর রুটে ৫১ আসনে ৭৭৬ টাকা ও ৪০ আসনে ৯৮১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
মহাখালী রুটে ঢাকা-ময়মনসিংহে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা ও ৪০ আসনে ৩৭৫ টাকা, জামালপুরে ৫১ আসনে ৩৮৬ টাকা ও ৪০ আসনে ৪৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শেরপুরে ৫১ আসনে ৪২১ টাকা ও ৪০ আসনে ৫৩৭ টাকা এবং কিশোরগঞ্জে ৫১ আসনে ৪০১ টাকা ও ৪০ আসনে ৫১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হয়। এরই প্রভাবে বাসভাড়া সমন্বয় করা হয়েছে।
