নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরার পাশাপাশি পর্যটন অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলার সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। সেই প্রত্যাশা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি পর্যটনমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। মন্ত্রী শিগগিরই এলাকাটি পরিদর্শন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ডেপুটি স্পিকার জানান, পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা যাচাই করতে আসবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এলাকার আকাশচিত্র ধারণ করে পর্যটন করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দুর্গাপুর ও কলমাকান্দায় রয়েছে চিনামাটির পাহাড়, গারো পাহাড় এবং স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী। পাহাড় ও নদীর অপূর্ব সমন্বয়ে এ অঞ্চলে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। যথাযথ পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে এ সৌন্দর্য আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরা সম্ভব।
কায়সার কামাল আরও বলেন, এত দিন পর্যটন নগরী গড়ে তোলার প্রত্যাশা থাকলেও প্রয়োজনীয় উদ্যোগ ও নথিপত্রের ঘাটতি ছিল। এবার পরিকল্পিতভাবে কাজ করে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চান তাঁরা। দ্রুত এলাকাটিকে আনুষ্ঠানিকভাবে পর্যটন এলাকা ঘোষণার উদ্যোগ নেওয়া হবে।
শীত মৌসুমে দুর্গাপুরে পর্যটকদের ব্যাপক সমাগম হয় উল্লেখ করে তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এলাকায় টুরিস্ট পুলিশ মোতায়েনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।
ডেপুটি স্পিকার বলেন, পর্যটন অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দুর্গাপুর ও কলমাকান্দা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
The post দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী করতে চাই: ডেপুটি স্পিকার appeared first on ভোরের চেতনা.
