ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলির উপকূলের কাছে পরপর ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই ওই এলাকায় ‘কমলা’ সুনামি সতর্কতা জারি করেছে কতৃপক্ষ।
ইতালির জাতীয় ভূ-পদার্থবিদ্যা ও আগ্নেয়গিরি গবেষণা প্রতিষ্ঠান (আইএনজিভি) জানিয়েছে, শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ৪ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার কম্পন দিয়ে ভূমিকম্পের ধারাবাহিকতা শুরু হয়। এরপর কয়েক ঘণ্টার মধ্যে একই এলাকায় একাধিক কম্পন অনুভূত হয়। ভূমিকম্পগুলোর উৎপত্তি সিসিলির উত্তর-পশ্চিমে এওলিয়ান দ্বীপপুঞ্জের কাছে দক্ষিণ টাইরেনিয়ান সাগরে।
ইতালির সংবাদমাধ্যম রাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত ওই এলাকায় ৩ মাত্রার বেশি অন্তত নয়টি কম্পন রেকর্ড করা হয়েছিল। পরবর্তী প্রতিবেদনে মোট ১২টি ভূমিকম্পের কথা জানানো হয়।
আইএনজিভি জানিয়েছে, দুপুর ১২টা ১৯ মিনিটে সবচেয়ে শক্তিশালী কম্পনটি আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ৫ দশমিক ০ বলা হলেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ৫ নির্ধারণ করা হয়। ভূমিকম্পের কম্পন সিসিলির রাজধানী পালেরমো থেকে শুরু করে কাতানিয়া, অ্যাওলিয়ান দ্বীপপুঞ্জে ও আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।
এদিকে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দফতর থেকে লোকজনকে সতর্কতামূলকভাবে বাইরে বের করে আনা হয়। তবে এখন পর্যন্ত প্রাণহানি, আহত বা ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়াও সিসিলির স্থানীয় প্রশাসন সুনামির অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করেছে। এর আওতায় সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দা এবং পর্যটকদের সমুদ্রের কাছাকাছি না যাওয়ার ও উপকূলীয় নিচু এলাকা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
