‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬।
এ উপলক্ষ্যে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাঙ্গামাটি জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী রিজাউল করিম, রাঙ্গামাটি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফরিদুল আলম, নিরুপা দেওয়ান ভারপ্রাপ্ত সভাপতি রাজবন বিহার রাঙ্গামাটি, আবছার উদ্দিন সাধারণ সম্পাদক প্রতিবন্ধী স্কুল রাঙ্গামাটি, সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, উপযুক্ত সুযোগ ও প্রশিক্ষণ পেলে তাঁরাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। স্মার্ট সাদাছড়ি তাঁদের চলাফেরাকে আরও নিরাপদ ও সহজ করবে, যা তাঁদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। বক্তারা সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে উন্নত প্রযুক্তির স্মার্ট সাদাছড়ি এবং হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।
সার্বিক আয়োজনে ছিল রাঙ্গামাটি জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
আজকালের খবর/রাশেদুল মিলন
