ফুটবলের ব্যক্তিগত পুরস্কারের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ব্যালন ডি’অর এবার ইতিহাস গড়তে যাচ্ছে। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসবে এই জমকালো আসর। আগামী ২৬ অক্টোবর লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হবে এবারের অনুষ্ঠান। উপস্থাপনায় থাকবেন আর্সেনালের কিংবদন্তি থিয়েরি অঁরি ও জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক কেট স্কট।
১৯৫৬ সালে শুরু হওয়া ব্যালন ডি’অরের প্রথম বিজয়ী ছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথুজ। পুরস্কারটির ৭০ বছর পূর্তিতে লন্ডনে আয়োজনের সিদ্ধান্তকে তার প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক হিসেবে দেখছে আয়োজকেরা। এর আগে দীর্ঘদিন ধরে প্যারিসেই অনুষ্ঠিত হয়েছে এই পুরস্কারের অনুষ্ঠান।
পুরুষদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এবার আলোচনায় আছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল ও উসমান দেম্বেলে। রেকর্ড আটবারের বিজয়ী মেসি এখন ইন্টার মায়ামির হয়ে খেললেও পুরস্কারের দৌড়ে আছেন। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে এবার প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের লক্ষ্যে নামবেন। আর ২০২৫ সালের বিজয়ী দেম্বেলে চাইবেন শিরোপা ধরে রাখতে।
তবে প্রতিদ্বন্দ্বিতা শুধু এই তারকাদের মধ্যে সীমাবদ্ধ নয়। বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামও আছেন আলোচনায়। তরুণদের মধ্যে বার্সেলোনার ইয়ামাল, পাউ কুবর্সি ও পিএসজির হোয়াও নেভেসের মতো খেলোয়াড়েরা নজর কাড়ছেন।
নারীদের ব্যালন ডি’অরেও থাকছে জমজমাট লড়াই। গতবারের বিজয়ী বার্সেলোনার আইতানা বোনমাতি এবারও পুরস্কার জয়ের অন্যতম দাবিদার। তার সতীর্থ আলেক্সিয়া পুতেয়াসও আছেন সংক্ষিপ্ত তালিকায়। এ ছাড়া বার্সেলোনার এওয়া পায়োর ও ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের পাশাপাশি ম্যানচেস্টার সিটির খাদিজা শ ও লরেন হেম্পও মনোনয়ন পেয়েছেন।
অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অঁরি। লন্ডনকে নিজের শহর উল্লেখ করে তিনি বলেছেন, শহরটির ফুটবল সংস্কৃতি ও সমর্থকদের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। কেট স্কটের সঙ্গে এই আয়োজন উপস্থাপনা করতে পারা তার জন্য বিশেষ সম্মানের। স্কট এর আগে ২০১৪, ২০১৫ ও ২০২৫ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন।
আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়ার কথা ব্যালন ডি’অরের মূল অনুষ্ঠান।
এইচজেএস
