সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসবের।
এদিন আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। তাকে ঘিরে থাকবে ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি ও ঢাকের তালে উদযাপন। দেবীর বোধন, আবাহন এবং অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে পূজা-অর্চনা শুরু হবে।
সনাতন ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী, এ বছর ভক্তদের কষ্ট দূর করতে দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন এবং দশমীর দিন নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন।
সনাতন শাস্ত্র অনুযায়ী, ষষ্ঠী পূজা সম্পন্নের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।
প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় সারাদেশের মন্দির চত্বর উৎসবমুখর। শঙ্খ ও উলুধ্বনি আর ঢাকের বাদ্যে ভক্তরা দেবীকে বরণ করে নেবেন। উৎসবকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
দেশজুড়ে এবার ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে চলবে দেবীর আরাধনা। গত বছরের তুলনায় এ বছর মণ্ডপের সংখ্যা দেড় হাজার বেশি। অন্যদিকে, ঢাকা মহানগরে ২৫৮টি মন্দির-মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
কেএম
