শিপুল ইসলাম, রংপুর

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে রংপুর নগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সড়ক সংস্কার, ফুটপাত পরিষ্কার, সড়ক বিভাজকে রং ও ফুলের গাছ লাগানোর কাজ চলছে। বিশেষ করে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক মেরামত করা হচ্ছে। তবে বারবার সংস্কারের পরও সড়কটির দুরবস্থা না কাটায় এবার মেরামতের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন চালক ও পথচারীরা।
আগামীকাল মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর নগরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টার দিকে সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের কথা রয়েছে তাঁর।
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য নির্ধারিত সড়কগুলোতে সংস্কারকাজ চলছে। গত চার দিন ধরে পাগলাপীর থেকে মেডিকেল মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে মেরামত করা হচ্ছে। কোথাও পুরোনো ইট তুলে সিমেন্টের ব্লক বসানো হচ্ছে, কোথাও চলছে জোড়াতালির কাজ। নগরের প্রধান সড়কের ফুটপাত পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি সড়ক বিভাজক ধুয়ে-মুছে রং করা হচ্ছে এবং সেখানে লাগানো হচ্ছে ফুলের গাছ।
সিও বাজার এলাকায় সড়ক সংস্কারকাজ দেখে স্থানীয় বাসিন্দা এরশাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতি মাসে আসুক। তাহলে বরাদ্দ লাগবে না। এমনিই উন্নয়ন হইবে। চার দিন থাকি ভাঙা সড়কটাত ধুমসে কাজ চলছে। ইট তুলি সিমেন্টের ব্লক বসাওছে। চলাচলের উপযোগী হইছে, কিন্তু দেখার বিষয় কত দিন টিকে।’
বাসচালক মনির হোসেন বলেন, ‘সড়কে ব্লক বসিয়ে কোনো লাভ নাই। এগুলো টাকা নষ্ট ছাড়া কিছু না। পুরো সড়ক নষ্ট। সাময়িক ভালো থাকবে। এই অংশ পুরোপুরি নতুন করে তৈরি করতে হবে। কারণ, এর আগেও বহুবার এভাবে সংস্কার হইছে।’
এদিকে নগরের বিভিন্ন স্থানে রংপুর সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, দুর্গোৎসব উদ্যাপন কমিটি, সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছাবার্তাসংবলিত ব্যানার টাঙানো হয়েছে। ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত সড়ক সংস্কারের কাজও দ্রুতগতিতে সম্পন্ন করা হয়েছে। এসব কাজ তদারকি করছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। তাঁর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। এসএসএফ, এনএসআই, পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ইতিমধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।
রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পার্থ বোস বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শারদীয় দুর্গোৎসব কীভাবে পালিত হয়, তা সরেজমিনে দেখবেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে আমরা আনন্দিত।
মহানগর বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, সম্প্রতি রংপুরের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জেলার ছয়টি সংসদীয় আসনে আরও ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় সামরিক বিমানে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে রংপুরে এসে সকাল ১১টায় রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে বেলা সাড়ে ১২টার দিকে সৈয়দপুরে ফিরে রাজশাহী ও চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

