রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ শান্ত হোসেন শাহিন (২১), ফাহিমুল হাসান আলিফ (২২), আবির ব্যাপারী শান্ত (২৩), রাজিব (২৫), মো. আরাফাত রহমান (২০), মো. হাসনাইন হাসান (২৬), মো. নাঈম (২৫), নাঈম ওমর (২৩), মো. স্বপন (১৯) ও মোছা. খুশী আক্তার (১৯)। বাকি তিনজন কিশোর।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, গত শুক্রবার থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, ১০টি লোহার রড, একটি করাতযুক্ত চাকু এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. হাসনাইন হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলানগর থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে দুই কিশোর ও এক নারী রয়েছেন জানিয়ে ওসি আব্দুল হালিম বলেন, গ্রেপ্তাররা পথচারী, বাসের যাত্রী, রিকশার আরোহী অথবা হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া রোগীর স্বজনদের নিশানা করত। তারা অস্ত্রের ভয় দেখিয়ে, কখনো নারী পথচারীদের অসাবধানতার কারণে ব্যাগ থেকে মোবাইল-টাকা পয়সা হাতিয়ে নিত। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে।