সোনারগাঁয়ে সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার রাতে কাঁচপুরের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শরিফ, তার স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে দগ্ধ চারজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, চারজনের শরীরের ৪০-৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।