জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এ দেশে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি বিরাজমান। ঈদ ও পূজা আমরা একসঙ্গে আনন্দ ভাগ করে উদযাপন করেছি। কোনো অপশক্তি যেন সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেজন্য আমরা সজাগ রয়েছি। সনাতন ভাই-বোনদের পাশে দাঁড়ানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ দায়িত্ব।
বৃহস্পতিবার দুপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ১৪১টি মন্দিরে সরকারি চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন বিকালে নাটোর সদরের তেবাড়িয়ায় নারদ নদের ভরাট হয়ে যাওয়া অংশ পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, নাটোর শহরের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নারদ নদের ৪৩ কিলোমিটার এলাকা পুনঃখনন এবং নান্দনিক ওয়াকওয়ে নির্মাণ করা হবে। তিনি বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের নদীগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে। এছাড়া অপরিকল্পিত বালু উত্তোলন রোধে স্থায়ী নীতিমালা অনুযায়ী কাজ চলছে।
এ সময় জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।