মাসুদুর রহমান শেখ, বেনাপোল:
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন বিজিবির সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৭২টি শাড়ি, একটি কম্বল, ৫০০ গ্রাম জিরা, আড়াই কেজি কিশমিশ, ১২২টি চকলেট ও ১৬২টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
