বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে মো. মামুন খান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার মধ্য খাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন খান (৩৫) মধ্য খাউলিয়া গ্রামের মজিবর খানের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়ছিলেন মামুন। এ সময় হঠাৎ গাছটি ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিফাত খান বলেন, ‘গাছ ভেঙে পড়ে যাওয়া একজনকে তার স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে তাকে আনার আগেই তার মৃত্যু হয়।’
