বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল দুই বছরের শিশু সাইফা খানম। এ সময় বাবার ফোন আসায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন, ছোট্ট সাইফা সেখানে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রতিবেশী মুরাদ খান জানান, সকালে উঠানে মায়ের সঙ্গেই ছিল সাইফা। এ সময় তার বাবা ফাহিম খানের ফোন আসায় মা ঘরে কথা বলতে যান। কিছুক্ষণ পর সাইফাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেজবাহ জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
পরিবারের একমাত্র সন্তান সাইফার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোটালীপাড়া থানার ডিউটি অফিসার এএসআই সেবাহান বলেন, ‘এ সংক্রান্ত কোনো ঘটনা আমাদের জানা নেই। কেউ কোনো অভিযোগও জানাননি।’
