যশোর অফিস : যশোর শহরের ঝুমঝুমপুরে পূর্বশত্রুতার জেরে তিনজনকে লাঠি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে জাহান ফুড ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন শাকিল আহমেদ (২২), আলামিন (২৮) ও রিপন (২৫)। তাঁরা ঝুমঝুমপুরের জাহান ফুড ফ্যাক্টরির কর্মচারী। তাঁদের মধ্যে শাকিলের বাড়ি নিমতলী,আলামিনের শংকরপুর এবং রিপনের বাড়ি অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায়।
অভিযোগ অনুযায়ী, ফ্যাক্টরির সামনে বিবাদীদের গোল্ডেন বেকারি নামে একটি দোকান রয়েছে। পূর্বশত্রুতার জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে মারিফুল (৩০) ও মিলন (২৫) লাঠি ও জিআই পাইপ দিয়ে তাঁদের মারধর করেন।

