ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের পাশ থেকে মুখ থেতলানো অবস্থায় অজ্ঞাত (৪০) এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ত্রিশালের বগারবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালে ত্রিশাল উপজেলার বগারবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মুখ থেতলানো অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় একটি সুত্রের দাবি, ভোররাতে ওই নারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বখাটে ছেলেরা হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে চলে যায়।
ওসি মনসুর আহমেদ বলেন, মরদেহ সুরতহালের সময় নারীর কপাল ও মুখমন্ডল থেতলানো অবস্থায় পাওয়া গেছে। কেউ মুখে আঘাত করে হত্যা করেছে নাকি কোন গাড়ির চাপায় মৃত্যু হয়েছে- বিষয়টি বুজা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে, মুখে আঘাত ছাড়া ধর্ষণ বা অন্য কোন চিন্হ পাওয়া যায়নি।
