
আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ লীগে চমক দেখাল পঞ্চগড়ের ৬ ক্ষুদে শিক্ষার্থী
ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দেশের বৃহত্তম ভাষাবিষয়ক অলিম্পিয়ার্ড 'Bakeman's 4th International Language League 2026'-এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে পঞ্চগড়ের বোদা পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতার গ্র্যান্ড ন্যাশনাল ফাইনালে প্রতিষ্ঠানটির মোট ৬ জন ক্ষুদে শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকার করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে আয়োজিত জমকালো সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক ও সনদপত্র তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণচীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শিয়াওপেং, আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) শফিকুল ইসলাম তুষার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।
প্রতিষ্ঠানটির বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে হাতের লেখা (বাংলা) প্রতিযোগিতার 'কিড ১-২' গ্রুপে শাদমান আফিফ ইহান চ্যাম্পিয়ন এবং একই গ্রুপে সায়মা জান্নাত সেকেন্ড রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া হাতের লেখা (বাংলা) '৩-৪' গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে হুমায়রা জান্নাত ফাতেহা।
অন্যদিকে, ইংরেজি হাতের লেখা প্রতিযোগিতার '১-২' গ্রুপে রামিশা তাবাসসুম রাইদা প্রথম রানার-আপ এবং সাদমান আকিব ইহান সেকেন্ড রানার-আপ নির্বাচিত হয়েছে। পাশাপাশি, অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বাংলা স্পেলিং বি (বানান অলিম্পিয়াড) প্রতিযোগিতার 'কিড ৩-৪' গ্রুপে প্রথম রানার-আপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে সমৃদ্ধ রায়।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এই অনন্য অর্জনে গভীর সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, "আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের এই বৈশ্বিক অর্জন মফস্বলের একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।
আমরা সব সময়ই শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং সহ-শিক্ষা কার্যক্রম ও আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। আজকের এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরাও দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বমঞ্চে নিজেদের মেধার আলো ছড়াতে পারে।
আমি বিজয়ী সকল শিক্ষার্থী, তাদের নিষ্ঠাবান শিক্ষক এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই।" মফস্বল শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক মানের এমন একটি প্রতিযোগিতায় একই সাথে ৬ জন শিক্ষার্থীর এই অভূতপূর্ব সাফল্যে পুরো পঞ্চগড় জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর ২০২৬ (শুক্রবার) নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১০ অক্টোবর ২০২৬ (শনিবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
