কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পরে ডোপ টেস্টের মাধ্যমে মাদক গ্রহণের বিষয়টি প্রমাণিত হলে বিজ্ঞ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) খোকসা থানা-পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- খোকসা উপজেলার শোমসপুর গ্রামের মৃত আবু সালাম শেখের ছেলে মো. মিজানুর রহমান লিটন (৪০), একই গ্রামের মৃত হামিদুল শেখের ছেলে মো. জনি শেখ (৪২) এবং রঘুনাথপুর গ্রামের মো. হালিম শেখের ছেলে মো. আলম (৩৫)।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তারদের চিকিৎসকের মাধ্যমে ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষার প্রতিবেদন ইতিবাচক এলে কুষ্টিয়ার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরবর্তীতে সাজার পর পরোয়ানা মূলে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর
