চাঁদাবাজি মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক মনিরুল ইলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বগার আইনজীবী মঈনুল ইসলাম জানান, একই দিন দুটি মামলায় পৃথক দুই আদালতে আত্মসমর্পণ করেন তাঁর মক্কেল। ২০১৮ সালের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়ে জামিন চাইলে তাঁর জামিন মঞ্জুর হয়। গত ৮ অক্টোবর খুলশী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় ও তার জামিন আবেদন নামঞ্জুর হয়।
ওয়াকিল হোসেন ‘বগা’ ওরফে ‘বিহারী বগা’ নামেও পরিচিত। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, মাদক, মারামারি, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পদ ভাঙচুর ও বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগে করা ২৩টির বেশি মামলায় তিনি আসামি।
গত ২৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামে হৃদয় নামের ১৬ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশের দাবি, নিহত কিশোর ও হামলাকারীরা উভয় পক্ষই বগার অনুসারী। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
পাহাড়তলী, আকবর শাহ ও খুলশী থানা এলাকার বাসিন্দাদের অভিযোগ, বগার অনুসারীদের চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্রের দাপটে তাঁরা অতিষ্ঠ। সরকারি জায়গার দখল নিয়ে প্রকাশ্যে গোলাগুলির ঘটনার পর গত বছরের ৮ জুন তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
চলতি বছরের ৬ অক্টোবর বগাকে গ্রেপ্তারের উদ্যোগের মধ্যে খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমকে বদলি করা হয়। দুই দফা বদলির পর তাঁকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।
