ব্যালন ডি’অর কার প্রাপ্য, তা নিয়ে তর্কের শেষ নেই। মেসি না রোনালদো কে সেরা, তা নিয়ে বছরের পর বছর ধরে বিতর্কে মেতেছেন সমর্থকরা। এবার সেই সমর্থকদের হাতেই প্রিয় তারকার সেরা মৌসুম বেছে নেওয়ার সুযোগ। তবে ভোট দিতে হলে খরচ করতে হবে এক ইউরো, আর চাইলে একই খেলোয়াড়কে বারবার ভোট দেওয়ারও সুযোগ রয়েছে।
ব্যালন ডি’অরের ইতিহাসে কোন ফুটবলারের কোন মৌসুমটি ছিল সবচেয়ে স্মরণীয়, সমর্থকদের কাছে সেই প্রশ্নই রেখেছে পুরস্কারটির আয়োজকেরা। এটি চলতি বছরের বিজয়ী নির্বাচনের ভোটাভুটি নয়, বরং অতীতের একাধিকবার ব্যালন ডি’অর জেতা ১০ কিংবদন্তির সেরা মৌসুম খুঁজে বের করার আয়োজন।
তালিকায় আছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো। সমর্থকেরা তাদের পছন্দের খেলোয়াড়ের ক্যারিয়ারের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুমটি বেছে নিতে পারবেন।
সাধারণত ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারণে ভোট দেন নির্বাচিত আন্তর্জাতিক সাংবাদিকেরা। কিন্তু এবারের বিশেষ আয়োজনে সমর্থকদেরও মতামত জানানোর সুযোগ তৈরি হয়েছে। প্রতি ভোটের জন্য দিতে হবে এক ইউরো। অর্থাৎ, একই খেলোয়াড়কে একাধিকবার ভোট দিতে চাইলে প্রতিবারই অর্থ খরচ করতে হবে।
এখন পর্যন্ত ভোটাভুটিতে এগিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন পর্তুগিজ তারকা। তার সেই দুর্দান্ত মৌসুমই সমর্থকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।
এরপরের অবস্থানে লিওনেল মেসির ২০১২ সালের মৌসুম। সেবার টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব ফুটবলে তার অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে মৌসুমটি এখনো আলোচনায় থাকে।
মেসি ক্যারিয়ারে আটবার এবং রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। তাই তাদের ভক্তদের কাছে এই ভোটাভুটি বিশেষ তাৎপর্যপূর্ণ। একজনের পক্ষে ভোট দিয়ে অন্যজনকে ছাড়িয়ে যাওয়ার চেয়ে নিজের প্রিয় তারকার কোন মৌসুমটি সবচেয়ে সেরা ছিল, সেটি বেছে নেওয়াই এখানে মূল বিষয়।
ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে অক্টোবরের শুরুতে ভোটাভুটি শুরু হয়। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, প্যারিসের স্থানীয় সময় ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
তবে আয়োজকরা স্পষ্ট করে দিয়েছে, এই ভোটের ফলকে ফুটবল ইতিহাসের সেরা মৌসুমের চূড়ান্ত রায় হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত অংশগ্রহণকারীদের পছন্দ ও মতামতের প্রতিফলন।
