প্রকাশিত: ১৯:১০, ১৭ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফুলদী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মোঃ রাফি মিয়া নামে শিশু নিখোঁজ হয়েছে
মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মোঃ রাফি মিয়া (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের অভিযান চলছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য ভাটের চর এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় পাঁচ বন্ধু ফুলদী নদীতে গোসল করতে নামে। এ সময় চারজন সাঁতরে নদী থেকে তীরে উঠে আসতে পারলেও রাফি মিয়া নামে সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ হন।
এ খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শিশুটির সন্ধানে নদীতে উদ্ধার অভিযান শুরু করে।
তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল ৬টা) নিখোঁজ শিশুটির সন্ধান মেলেনি।
নিখোঁজ রাফি মিয়ার বাবার নাম খায়রুল ইসলাম। তিনি গজারিয়ায় একটি চায়ের দোকান পরিচালনা করেন। বর্তমানে পরিবারটি গজারিয়ায় ভাড়া বাসায় বসবাস করছে। তাঁদের স্থায়ী নিবাস নড়াইল জেলায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
