কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাস বয়সি শিশু রাইয়ানের বস্তাভর্তি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর শনিবার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়ি-সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তার শিশুসন্তান রাইয়ানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। ভোরে রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে তার স্ত্রীর বোনের স্বামী আলআমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই শিশুটি নিখোঁজ হয়। ওসি নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।