জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজের গোপনীয়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের এনআইডি সংক্রান্ত অভ্যন্তরীণ সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারো সঙ্গে শেয়ার করা হলে বা সুরক্ষায় কোনো অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাকেই সরাসরি কঠিন শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইসির মাঠপর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গোপন লগইন তথ্য অসদুপায়ে অন্যের হাতে চলে যাওয়ার অভিযোগ ওঠার পর এই কঠোর বার্তা জারি করেছে কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় কর্মকর্তাদের এমন বার্তা দিয়েছে সংস্থাটি।
ইসি জানায়, সম্প্রতি বিভিন্ন গোপন অনুসন্ধানে এনআইডি সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড সাধারণ ফটোকপি ও কম্পিউটারের দোকানে পাওয়া যাওয়ার মতো চাঞ্চল্যকর চিত্র উঠে আসে। এমন স্পর্শকাতর তথ্য ফাঁসের বিষয়টি নজরে আসার পরই কঠোর অবস্থান নেয় ইসি।
নির্দেশনায় ইসি উল্লেখ করে, জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন কার্ড ইস্যু কিংবা তথ্য পরিবর্তনের কাজে ব্যবহৃত কোনো ধরনের ইউজার আইডি ও পাসওয়ার্ড কারও সঙ্গে কোনো অবস্থাতেই শেয়ার বা হস্তান্তর করা যাবে না। যদি এর কোনো ব্যতিক্রম ঘটে বা নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে ব্যক্তিগতভাবে তার পুরো দায়িত্ব নিতে হবে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে নাগরিকদের এনআইডি সেবা প্রাপ্তি সহজ ও দ্রুত করতে জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত বিদ্যমান নীতিমালা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সংশোধন কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী করার লক্ষ্যে বিদ্যমান এসওপি পরিবর্তন ও পরিমার্জনের নতুন প্রস্তাব উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এসআর/আরএএস
