Published on
:
1 min read
এই সময়: জাতীয় ক্রীড়া নীতি মেনে আইএফএ তাদের সংবিধানকে আমূল বদলে ফেলছে। শুক্রবার বাংলার ফুটবলের অভিভাবক সংস্থা আইএফএ–র বিশেষ সাধারণ সভায় এই সংশোধিত সংবিধান গৃহীত হয়। নয়া সংবিধান মেনে আইএফএ–র নির্বাচন হবে ১৪ নভেম্বর। আগে আইএফএ–র গভর্নিং বডিতে ৫৯ জন নির্বাচিত হতেন। তাঁরাই আবার ভোটাভুটি বা সর্বসম্মতিক্রমে বেছে নিতেন পদাধিকারীদের।
এ বার কমিটিই হবে মাত্র ১৫ জনের। যা বাছবেন আইএফএ–র নথিভূক্ত ৩০৯ ক্লাব বা সংগঠন। আগে সংস্থার প্রশাসনিক মাথা হতেন সচিবই। এখন সচিব পদটাই উঠে গেল। একজন পেশাদার সচিবকে নেওয়া হবে বেতনভূক কর্মী হিসেবে। প্রশাসনিক মাথা হবেন প্রেসিডেন্ট। তাঁর অধীনে থাকবেন তিন জন ভাইস প্রেসিডেন্ট, কোষাধ্যক্ষ ও ১০ জন কমিটি মেম্বার। ১৫ জনের মধ্যে ৪ জন মহিলা থাকা বাধ্যতামূলক। ৪ জনের একজন হবেন ভাইস প্রেসিডেন্ট।
কমিটিতে রাখতে হবে ২ জন প্রাক্তন খেলোয়াড়কে। রাখতে হবে প্লেয়ার্স কাউন্সিলের সদস্যকেও। সত্তরোর্ধ্ব বা তিন বারের বেশি পদে থাকা কেউই নির্বাচনে লড়তে পারবেন না। তিন বার বিভিন্ন পদে থাকায় আইএফএ–র বর্তমান চেয়ারম্যান সুব্রত দত্তকে সরে দাঁড়াতে হচ্ছে। বর্তমান সচিব অনির্বাণ দত্ত মূল দাবিদার প্রেসিডেন্ট পদে। কোনও বিরোধী প্রার্থীর নাম এখনও শোনা যাচ্ছে না।
