আজারবাইজানে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর পরোক্ষ নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নতুন পোশাকবিধির কারণে হিজাব পরা শিক্ষার্থী ও শিক্ষকদের কয়েকটি স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের ক্লাস বর্জনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ চলছে।
সোমবার (১২ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গত মাসে অনুমোদিত সংশোধনীতে সরাসরি হিজাব নিষিদ্ধ করা হয়নি। তবে ধর্মনিরপেক্ষতার নীতি লঙ্ঘন করে, এমন পোশাক নিষিদ্ধ করা হয়েছে। এই বিধির আওতায় হিজাব পরা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
শিক্ষিকা জাহরা হাসানোভা জানিয়েছেন, স্কুলে হিজাব পরতে পারবেন না বলে তাকে জানানো হয়েছে। তার মতে, হিজাব পরা ব্যক্তিগত পছন্দের বিষয়।
দেশটির প্রায় ৯৬ শতাংশ মানুষ মুসলিম। সংবিধানে ধর্মনিরপেক্ষতার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। নতুন বিধির প্রতিবাদে অন্তত দুটি স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হিজাব পরার কারণে স্কুলে ঢুকতে না পেরে শিক্ষার্থীদের কান্নার দৃশ্য দেখা গেছে।