ঢাকা,১৮ অক্টোবর-যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) পদে নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন।
শনিবার (১৭ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য এ পরীক্ষা নেওয়া হয়েছে। পদটি ১১তম গ্রেডের। আগে এ পদের নাম ছিল ক্রেডিট সুপারভাইজার। গত শুক্রবার এ পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে এ নিয়োগের বাছাই পরীক্ষা ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। কিন্তু পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। মূল প্রশ্নপত্রের সঙ্গে ছড়িয়ে পড়া প্রশ্নের মিল পাওয়া যাওয়ায় শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়।
পরে নতুন প্রশ্নপত্রে ১৬ অক্টোবর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। ওই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬
