শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের সাতটি পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষ থেকে পূজামণ্ডপের আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা পূজার আয়োজক ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক আয়োজন নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান, উপজেলা কৃষক দলের সদস্যসচিব মেজবাহ উদ্দিন মাসুদসহ ধীতপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতা স্বপন বণিক ও রানা বণিকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজন নিয়েও মতবিনিময় করেন উপস্থিত নেতারা।
অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময়কালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
স্থানীয় পর্যায়ে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
The post ভালুকার ধীতপুরে সাত পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ appeared first on ভোরের চেতনা.
