Published : 15 Oct 2026, 07:41 PM
Updated : 15 Oct 2026, 07:41 PM
সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্ধের অনলাইনে আবেদন সেবা চালু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, বাসা বরাদ্দ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ, সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে অনলাইনে আবেদন করা হলে যাচাই-বাছাই শেষে খালি থাকা সাপেক্ষে বাসা বরাদ্ধের সিদ্ধান্ত দেবে সফটওয়্যার।
সে ক্ষেত্রে মিথ্যা তথ্য বা ত্রুটিপূর্ণ আবেদন দেওয়ার কোন সুযোগ থাকবে না। এমনকি এর জন্য তদবির করারও কোন সুযোগ থাকবে না।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার মন্ত্রী জাকারিয়া তাহের অনলাইন বাসা বরাদ্দের এই ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সরকারি বাসা বরাদ্দ প্রক্রিয়া এ প্রক্রিয়ায় স্বচ্ছ, সহজ, দ্রুত ও জনবান্ধব হবে আশা প্রকাশ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, “দেশে সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজীকরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার। মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবেই সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে অনলাইনে বরাদ্দের এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
প্রক্রিয়াটি পুরোপুরি সফটওয়্যার নির্ভর না হলেও শিগগিরই কাজ সম্পন্ন হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন।
তিনি বলেন, “বর্তমানে অনলাইনে জমা নেওয়া হচ্ছে, ত্রুটিপূর্ণ বা মিথ্যা তথ্য থাকলে সেটা যাচাই করা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে। তবে সব কাজ শেষ হলে ত্রুটিপূর্ণ কোনো আবেদন জমা দেওয়াই সম্ভব হবে না। কারণ সরকারি চাকরিজীবীদের নির্দিষ্ট আইডি দিলেই বিস্তারিত তথ্য চলে আসবে, সেখানে বরাদ্ধের ধরণসহ সব ধরণের তথ্য চলে আসবে।
“এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির মোট ৫৪টি শূন্য বাসার বিপরীতে মোট ৫৯৬টি আবেদন পাওয়া যায়। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য বিবেচিত হয়। ২৫৪টি আবেদন প্রয়োজনীয় শর্তাবলী পূরণ না হওয়ায় বাতিল করা হয়েছে।”
অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক জহিরুল ইসলাম খান।
