ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা, ঢাকা :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, সব ধরনের রাজনৈতিক উত্তাপ, ষড়যন্ত্র ও বিচ্ছিন্ন ঘটনা উপেক্ষা করেই নির্ধারিত সময় অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো হুমকি বা ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের লাখিরচরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং একটি আবাসন প্রকল্প পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন। দেশের জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব ধরনের অপচেষ্টা ব্যর্থ হবে এবং জনগণের ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ সরকার নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। তবে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তারা বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছে। কোনো ষড়যন্ত্রই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামাতে পারবে না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে আমান বলেন, যিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে দ্রুত জনগণের মাঝে ফিরে আসেন—এটাই সবার প্রত্যাশা।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর দেশে ফিরবেন। আগামী ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার অপেক্ষায় দেশের মানুষ তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
