অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ শুক্রবার সরকার পরিবর্তনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এই পরিবর্তন অবশ্যই নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে হতে হবে। এক্ষেত্রে তিনি ভারতের সঙ্গে বাংলাদেশ ও নেপালের তুলনা করেন, যেখানে যথাক্রমে ২০২৪ ও ২০২৫ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল। খবর ইন্ডিয়া টুডে’র।
প্রকাশ রাজ বলেন, “আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।” উত্তরপ্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াইয়ের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেয়ার অধিকার আছে।”
প্রকাশ রাজ অভিযোগ করেন, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে সরকারের অস্বীকৃতিই সরকারকে ক্ষমতা থেকে সরানোর দাবিকে আরও জোরালো করেছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “আপনারা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনারা শক্তি প্রয়োগ করছেন।”
শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের দাবিকে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখার ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, নাগরিকেরা প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোট দেয়ার সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন।
তিনি বলেন, “আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।”
