গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার আগে তিনি এ কাজ করেন।
এ সময় ইশরাক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি।’
তিনি আরও বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’
এর আগে জাতীয় প্রেসক্লাবে আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
প্রসঙ্গত, গত শনিবার আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনার পর গতকাল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর ইশরাক হোসেনকে ডেকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে রাতে খবর ছড়িয়ে পড়ে। তবে ইশরাক হোসেন বিষয়টিকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় দাবি করেন।
